top of page

আর কতবার ?

  • Writer: ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
    ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
  • Aug 22, 2024
  • 2 min read


আমরা কতবার মরেছি এই ইতিহাস ঘেঁটে যাচ্ছি বার বার

দিনরাত এক করে ইতিহাসের যন্ত্রণা খুঁজে ফিরছি ।

ঘুমের মাঝেও কৈবর্তদের চিৎকার শুনে চমকে উঠেছি ,

পাল রাজাদের অত্যাচারের কাহিনী

ইতিহাস বহন করছে পাতায় পাতায় কালো অক্ষরে !

কৈবর্তদের অন্ধকার জীবনে আলো দেখিয়েছিল ' দিব্য '

মহীপাল হেরেছিল বরেন্দ্র বিদ্রোহে ,

আমরা মরেছি দলে দলে ।

আমরা কারা ? আমাদের কথা ভুলে গেছো ?

আমারা কৈবর্ত !


আবার আমরা মরলাম পলাশীর প্রান্তরে ,

জীবনের ঘাত প্রতিঘাতে আমরা মরে যাই প্রতিদিন।

আমরা যেভাবে বেঁচে থাকি তাকে বাঁচা বলেনা ,

আমরা মরে যাই দাঙ্গায় ,মন্বন্তরে , দূর্নীতির নাগপাশে ।

আমরা মরে যাই লাঠিয়ালের আঘাতে ,ভূস্বামীর অত্যাচারে ,

আমরা কারা ? আমরা কৃষক ,শ্রমিক,বর্গাচাষী ।


আমরা মরেছি ভাষার আবাহনে ,

আমরা ৫২ তে বুক পেতেছি ভাষার আলাপনে ।

' মা ' শব্দ প্রাণভরে ডাকবো বলে আকাশ বাতাস কাঁপিয়েছি

বন্দুকের নল উপেক্ষা করেছি অকুতোভয়ে ।

শত নদীর এই দেশে কতবার বইয়ে দিয়েছি রক্ত ?

রাতভর সেই ইতিহাস হাতড়ে বেড়াচ্ছি অক্ষমতার লজ্জায় ।


৫২ ,৫৪ ,৫৬ , ৬৯ কখন আমরা মরিনি ,

বলতে পারো ?

বুড়িগঙ্গার জল লাল হয়েছে কতবার ?

ভেবেছি এই বুঝি লাল , গোলাপ হয়ে ফুঠবে এবার ।


৭১ , আমরা সবাই মরেছি পথে প্রান্তরে ,

পথে ঘাটে , আনাচে কানাচে সম্ভ্রম দিয়েছি অকাতরে ।

হারিয়েছি স্বামী ,সন্তান ,ভাই , বেরাদর ,

হারিয়েছি ঘরবাড়ি , পঙ্গু হয়েছে জীবন ।

ভেবেছিলাম আমাদের মৃত্যু বোধহয় এখানেই শেষ ,

সোনার বাংলা বুঝি , সোনার বাংলা হলো শেষমেষ ।


নাহ শেষ হয়নি ,

বুক পেতে দিয়েছি গনতন্ত্রের মুক্তির জন্য ।

নূর হোসেনের বুকের লেখায় বুলেট দিয়েছে মুক্তি

গনতন্ত্র মুক্তি পেয়েছে ডা: মিলনের গুলিবিদ্ধ শরীরে ।

কিন্তু আমি অবাক হয়ে দেখি ,

আমাদের মৃত্যু শেষ হয়নি এখনো ।


আমি কে ? আমি ছাত্র ,আমি জনতা ,আমি শিক্ষক ,

আমি কৈবর্ত , আমি ক্ষুদিরাম ,আমি নূর হোসেন।

বর্গী ,পাল ,ইংরেজ এবং পাকিস্তানি ,সবাই বিদায় নিয়েছে ,

কিন্তু মৃত্যু বিদায় নেয়নি ।

ওত পেতে বসে থাকে রাস্তায় ,ছাদে,বাবার কোলে ,

বারান্দায় ,কার্নিসে , অলিতে-গলিতে ।

আমার কোন দল নেই , আমার কোন লেজুড়বৃত্তি নেই ,

আমি ,আমরা ছাত্র , শিল্পী আমরা সাধারন্যের সাধারণ ।


২৪ আমাদের উপহার দিল অনেক অনেক মৃত্যু ,

খবরের পাতা ভরে যায় কত শত নামে ।

সাঈদ ,স্নিগ্ধ ,সামির ,তানভিন , রিপা কয়টা নাম লিখবো ?

তাদের মৃত্যুঞ্জয় হাসিতে কেঁপে কেঁপে ওঠে আমার দেশ ,

তাদের শব্দহীন শব্দ বলে যায় ,আর কতবার ?

বুলেটে বিদ্ধ হবে আমার ,আমাদের স্বপ্নের রেশ ।



প্রফেসর ফেরদৌসী পারভিন

শিক্ষক , কবি সাহিত্যিক ।

১ , ৮ , ২০২৪

 
 
 

Recent Posts

See All
কবিতা ।

নয়নভাগা ----- পাহাড়ের গায়ে মেঘ লেগে আছে তোমার চোখের পাতায় ঘুম লেগে থাকার মতো । দূর থেকে দেখি বাতাস তাড়ানো ক্লান্ত মেঘকে একটুখানি ছুঁয়ে দিলেই গলে যাবে মোমের মতন। আমি ভালো নেই ,একদম ভালো নেই , হঠ

 
 
 
সুখের শব্দ সমুহ

সুখের শব্দ সমুহ ----- দীর্ঘ ৩২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় ছিলাম। বিভিন্ন স্তর পেরিয়ে প্রফেসর হয়েছি এবং অধ্যক্ষ হিসেবে অবসর নিয়েছি। আমি প্রফেসর ফেরদৌসী পারভিন। বাংলাদেশের বিভিন্ন জেলায় চাকুরী

 
 
 

Comments


©2024-26 | MKD

bottom of page