top of page
কবিতা | POETRY
ককিয়ে ওঠা বৃষ্টি
আজ আমার মন খারাপের দিন
চোখে কালো কাপড় বেঁধে আকাশটাকে দেখবো
সমস্ত আকাশের গায়ে মন খারাপ মেখে দিয়ে
কালপুরুষটার সঙ্গী হবো।
মনের মেঘের বৃষ্টি ঝরবে উষর জমিতে,
ফনিমনসার কাঁটায় আঘাত পেয়ে
বৃষ্টির ফোটা ককিয়ে ওঠে,
তুমি কি খাঁচা হয়ে আমায় জীবন দেখাও?
খাঁচাটায় বন্দী করে ভাব প্রেম।
আমি খাঁচার গন্ধ পাচ্ছি ধুসর ক্যাকটাসে!
ছোট ছোট ফুলগুলি তাকিয়ে আছে উত্তাপের দিকে
মন খারাপের রাতগুলো কেটে যায় ভেড়া গুনতে গুনতে -----
১০০,৯৯,৯৮,৯৭, ৯----৬----.চোখ জড়িয়ে আসে,
মন জেগে থাকে নিঃশব্দ দীর্ঘশ্বাসে।
কি ভীষন অপেক্ষায় সারাটা বিকেল তোমায় ডেকেছি
তুমি শুনতে পাওনা, নাকি তুমি শুনতে চাওনা?
কুলফির স্বাদে গোলাপি শৈশব,
হাওয়াই মিঠাইয়ের রঙে রঙিন নিজেকে
হারাতে চাই আরো একবার --------
যদি ডাকতে পার, তবে গোল্লাছুট মাঠে চলে যাই,
অনুচ্চারিত শব্দের মত বুকের মধ্যে অপেক্ষায় থাকুক
জলের শরীরে জলের আলিঙ্গন,
মন খারাপের দেয়াল বেয়ে নেমে আসুক
অপেক্ষার অবাধ সন্তরণ।
ফেরদৌসী
উত্তরা ১৪,, ১২,২০১৮
bottom of page





