দ্রুত টিকা দিন যাতে বসন্ত না আসে
- ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
- Mar 13
- 2 min read
সংসদ অধিবেশন শুরু হয়ে গেছে। অপাংতেয় প্রেসিডেন্ট চুপ্পুকে পাতে দিয়ে অধিবেশন শুরুর ভাষণ দেয়ানো হয়েছে এবং তাঁকে দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট একথা বলিয়ে নেয়া হয়েছে। চুপ্পু সাহেবের কতটুকু কষ্ট হয়েছে বলতে পারবোনা । প্রবাদ আছে সাপ ছুঁচো ধরলে যদি গিলে ফ্যালে তাহলে মারা যায় আর ছেড়ে দিলে অন্ধ হয়ে যায়। দেখা যাক চুপ্পু সাহেব কতদিন ছুঁচো মুখে ধরে রাখতে পারেন।
এবার আসি অন্য কথায়। সংসদ সদস্যরা শপথ নিয়েছেন অনেক আগেই । কিন্তু সংবিধান সংশোধনের সনদে শপথ নিয়েছে শুধু বিরোধীদল। শুধু তাই নয় শপথ নেয়ার ব্যাপার তারা বিভিন্ন যুক্তি তুলে ধরছেন অথচ তারা সনদের ব্যাপারে ঐক্যমত্ হয়েছিলেন দু একটি নোট অফ ডিসেন্ট ছাড়া। তাছাড়া স্বাক্ষর না করার কোন যুক্তি নেই।
সনদ পড়লেই দেখা যাবে প্রত্যেকটি বিষয় আছে যা মানলে ভবিষ্যতে কেউ স্বৈরাচারী ,ফ্যাসিষ্ট হতে পারবে না। তাহলে এখন তাদের আপত্তি কেন এবং তখনই বা মেনে ছিলেন কেন ?
,তার উত্তর অবশ্য বর্তমান মাননীয় স্পীকার মহোদয় বলেছেন যে ,না মানলে প্রফেসর ইউনুস সাহেব ভোট দিতেননা। তাহলে কি এই বড় দলটি ক্ষমতায় যাওয়ার জন্য প্রতারণা করেছেন ? কাজটা কি খুব ভালো হচ্ছে ?
আরেকজন মাননীয় সংসদ সদস্য তো বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী ৪৭ সাল পরর্যন্ত থাকবেন । তাহলে এতো জীবন কেন দিতে হলো ? এই রক্ত এই জীবনের বিনিময়ে যারা জেল জুলুম থেকে রক্ষা পেয়েছেন , যারা দেশে ফিরতে পেরেছেন এবং যিনি দীর্ঘবছর পর মায়ের মুখ দেখার সুযোগ পেয়েছেন তারা কি করে জুলাই সনদের সাথে প্রতারণা করবেন। আমি বিশ্বাস করতে চাই তা তারা করবেন না ।
আমাদের মনে রাখতে হবে ২৪ এর মধ্যে দিয়ে সমাজে একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশ আর আগের অবস্থায় ফিরে যাবেনা। তাই দ্রুত স্বাক্ষর করে সংস্কার শুরু করতে হবে। সেটাই সবার জন্য মঙ্গল হবে।
এমনিতেই এই সরকার বিতর্কিত মানুষদের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়েছে। দূর্মুখেরা বলছে এস আলমের সাম্রাজ্য রক্ষার জন্য তার কাছের লোককে গর্ভনর করা হয়েছে ঋণখেলাপী হওয়া সত্ত্বেও।
মানুষ চাঁদাবাজি ,দখলবাজি মুক্ত একটা নিরাপদ সমাজ চায়। বর্তমান সরকারের কাছে তাদের চাওয়া সুষ্ঠু শিক্ষার পরিবেশ ,নারী নির্যাতন রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ। দুষ্টের দমন শিষ্টের পালন।
প্রান্তিক মানুষ যেন তার প্রাপ্যতা থেকে বঞ্চিত না হয়। সবকিছু যেন নেতাদের পেটে চলে না যায়। সরকারি চাকুরীজীবিদের রাজনীতি থেকে দূরে রাখতে হবে। বর্তমানের এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হনে। তবে সবার আগে দরকার জুলাই সনদের বাস্তবায়ন। দলের অনেকেই বলছেন সনদের মূল্য নাই , অবৈধ। যদি তাই হয় তাহলে ভোট অবৈধ ,এই সরকার অবৈধ।
সাধারণ ভোটের মাধ্যমে এম পি নির্বাচিত হয়েছে কিন্তু গণভোট গণমানুষের রায়। বিপক্ষে প্রচারণা চালানোর পরেও গণমানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। সেটাকে উপেক্ষা করার কোন যুক্তি নাই। তাই দেশের শান্তির জন্য দ্রুত সংস্কার সাধন করুণ বা করতে হবে দেশ ও জাতির কল্যাণে । যারা আজ ক্ষমতার ঢেকুর তুলছেন ৫ আগষ্টের পর কে কি বলেছিলেন তা ভুলে গেছেন তাদের ভাবার কোন কারণ নাই যে গণমানুষ ভুলে গেছে বা যাবে।
তাই সকল মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করুন।মানুষের হাঁ ভোটের পক্ষে সম্মান দেখিয়ে। নাহলে কখন কোন বসন্ত আসবে বুঝতেই পারবেন না। একটা বিখ্যাত গান আছে ঠিক মনে নেই। তবে যতটুকু মনে পড়ছে তা হচ্ছে " ইয়ে জো পাবলিক হাই সব জানতি হাই । অন্দর কিয়া হায় বাহার কিয়া হায় , সব জানতি হাই " তাই আর দেরি না করে দ্রুত টিকা দিন যাতে বসন্ত না আসে। আসলে কিন্তু মহামারী আকাড়ে ছড়িয়ে পড়বে ।
ফেরদৌসী পারভিন
১৩/৩/২০২৬
উত্তরা।



Comments