আমিই নারী
- ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
- Mar 9
- 2 min read
আমিই নারী -----
আমি দুনিয়া কী ভাবল তা নিয়ে বিন্দুমাত্রও পরোয়া করি না। আমি জন্মেছি এক নারী হয়ে, জন্মেছি মানুষ হয়ে, জন্মেছি ভাঙাচোরা ভাগ্য নিয়ে। তবু আমার নিজস্ব উপায়ে পরিশ্রম ,সততা ,নিষ্ঠা দিয়ে অন্যের জন্য কাজ করে গেছি।আমি ভালো থাকার চেষ্টা করে গেছি। চারপাশের মানুষগুলোকে ভালোবেসেছি । বন্ধুত্বের মর্যাদা দিয়েছি সর্বোচ্চটা দিয়ে । কিন্তু তুমি কখনোই বুঝতে পারোনি আমি কে ?
আমি প্রেম। আমি আনন্দ। আমি সত্তা। আমি এক বোকা মানুষ । আমি নারী। আমি শুধু গড়ে গেছি। কখনো ধংস চাইনি । পথে পড়ে থাকা আগাছাকে পরিচর্যা করেছি। ফুল ফুটিয়েছি ঘুনে ধরা গাছে । বহু নারীর চলার পথ তৈরি করেছি নিজের ঘামে। শব্দে স্বপ্ন বুনেছি কবিতার পঙক্তিতে। সুঁই সুতোয় গল্প বুনেছি সময়ের ছন্দে। গল্প কবিতায় মুখর করেছি এক নারীকে। তার চারপাশটাকে
স্টিয়ারিংএ হাত রেখেছি প্রবল আত্মবিশ্বাসের। ঝড় জল উপেক্ষা করে যুদ্ধ করেছি সম্মুখ বিপদে। পদে পদে অপমানিত হয়েছি কাছের মানুষ ভাবা জীবদের কাছে থেকে। তবু আমার চলা থেমে যায়নি। আমিই পৃথিবীর ইতিহাস। আমিই পৃথিবীকে বাসযোগ্য করেছি। আমিই চার দেয়ালকে ঘর বানিয়েছি। আমাকে উপেক্ষা করা সহজ নয়।
রাশি রাশি আলো ছড়িয়েছি জগৎময়। আমি তৃপ্তি দিয়েছি সেবা দিয়েছি ,শান্তি দিয়েছি। আমি মানুষ জন্ম দিয়েছি। আমিই পুরুষকে পুরুষ করেছি।
যেদিন আমি আর মা হতে চাইবো না ,সেদিন থেকে সৃষ্টি থেমে যাবে। পৃথিবী ধংস হয়ে যাবে।
সন্ধ্যা প্রদীপের মতো জ্বলেছি আঁধার ঘরে। ধুপের মতো গন্ধ বিলিয়ে গেছি অকাতরে। আমার হাতের ছোঁয়ায় ধংস পেয়েছে সৃষ্টির স্পর্শ।
এই পৃথিবী তবুও আমাকেই করেছে অবজ্ঞা। করেছে লাঞ্চিত। গালি দিয়েছে , নিগৃহীত করেছে। নারী আর শিশুর মধ্যে কোন ভেদাভেদ করেনি। আমাকে নোংরা করেছে। আমার ভালোবাসাকে পুঁজি করে আমাকে ঠকিয়েছে। আমাকে প্রতারণা করেছে ,নষ্ট করেছে যুগে যুগে। আমি বিশ্বাস করে বঞ্চিত হয়েছি বারবার।
তবুও আমি অবিচল। আমি আছি—শুধু আছি…এবং আমি থাকবো ।
আর তুমি—তুমি এক মলিন নীচতা। নপূংশক ,ক্লীব।
নারীর জন্য নিরাপদ আবাস হোক পৃথিবী।
ফেরদৌসী পারভিন
৮,৩,২০২৬
উত্তরা।





Comments